বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

ক্যালসিয়াম ট্যাবলেটে হার্টের ক্ষতি

সমকাল ডেস্ক
হাড়ের ক্ষয়জনিত রোগে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন অপরিহার্য। তবে ক্যালসিয়াম ট্যাবলেট হার্টের জন্য ক্ষতিকর বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই ট্যাবলেট গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়; ঠেলে দেয় মৃত্যুর দিকে। ঝুঁকিটা নারীর চেয়ে পুরুষের বেশি। খবর জিনিউজ অনলাইনের। ওয়াশিংটনে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের কিয়ান জিয়াও ও এমডি ব্যাথেসডার নেতৃত্বে একদল গবেষক খাবারের মাধ্যমে কিংবা
ট্যাবলেটের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি নিয়ে গবেষণা করেন। তারা ১৯৯৫ সালে ৫০ থেকে ৭০ বছর বয়সী তিন লাখ ৮৮ হাজার নারী-পুরুষের ওপর গবেষণা শুরু করেন।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ১২ বছর দীর্ঘ পর্যবেক্ষণ শেষে গবেষকরা জানান, এ সময় এদের মধ্যে ৫১ শতাংশ পুরুষ ও ৭০ শতাংশ নারী ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করেছেন। এদের সাত হাজার ৯০৪ জন পুরুষ ও তিন হাজার ৮৭৪ নারী হৃদরোগে মারা গেছেন।
জেএএমএ ইন্টারনাল মেডিসিন ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে গবেষকরা জানান, এত বৃহদাকারের গবেষণায় তারা পর্যবেক্ষণ করেন, খাবারের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ ক্ষতিকর নয়, তবে বিকল্প বা ট্যাবলেট সেবন হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত বলে তারা প্রমাণ পেয়েছেন। আর এ ঝুঁকি নারীর চেয়ে পুরুষের বেশি।
গবেষণায় তারা এও দেখেন, যেসব পুরুষ ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করেন না, তাদের চেয়ে যারা সেবন করেন, তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি।
তাই এ ধরনের ট্যাবলেট সেবনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে খাদ্যতালিকায় ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়েছেন তারা।
শুক্রবার | ৮ ফেব্রুয়ারি ২০১৩ |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন