মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩


১০ মিনিটেই রিচার্জ

এবার ব্যাটারিতে চলবে ফেরি



নরওয়েতে বিশ্বের প্রথম ব্যাটারিচালিত ফেরি নির্মাণ করা হচ্ছে। জিরোক্যাট নামের নৌযানটিতে মোট ১২০টি মোটরগাড়ি ও ৩৬০ জন যাত্রী ধারণ সম্ভব হবে। এ ছাড়া ফেরিটির ব্যাটারি পুরোপুরি রিচার্জ হয়ে যাবে মাত্র ১০ মিনিটেই।
২০১৫ সালের মধ্যেই যাত্রী পরিবহন শুরু করবে জিরোক্যাট। নরলেড নামের প্রতিষ্ঠানের পরিচালনায় নরওয়ের নদীতীরবর্তী ছোট্ট দুই শহর ল্যাভিক ও অপিড্যালের মধ্যে ফেরিটি চলাচল করবে। পারাপারে সময় লাগবে ৩০ মিনিটের কম। স্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ফিয়েলস্ট্র্যান্ড ওই ফেরিটির নকশা তৈরি করেছে। ব্যাটারির 

ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা দেবে বিখ্যাত প্রতিষ্ঠান সিমেন্স।
বর্তমানে প্রচলিত ফেরিতে দুই হাজার অশ্বক্ষমতার ডিজেলচালিত ইঞ্জিন ব্যবহূত হয়। এতে বছরে দুই লাখ ৬৪ হাজার গ্যালনের বেশি জ্বালানি পোড়ে। ২৬২ ফুট দীর্ঘ জিরোক্যাটে থাকবে ৮০০ কিলোওয়াট ক্ষমতা ও ১১ টন ওজনের একটি ব্যাটারি। নতুন ফেরিটির ওজন হবে বর্তমানে প্রচলিত ফেরির অর্ধেক। নদী পারাপারের সময় মাত্র ১০ মিনিটেই ব্যাটারিটি রিচার্জ হবে। তবে সে জন্য ল্যাভিক ও অপিড্যালের মধ্যে দীর্ঘ বৈদ্যুতিক তার স্থাপনের প্রয়োজন হবে। এ সমস্যা সমাধানের জন্য উভয় তীরে উচ্চক্ষমতার ব্যাটারি রাখা থাকবে। ফলে ফেরিতে যাত্রী ও পরিবহন ওঠানামার সময় চার্জপূর্ণ ব্যাটারিও সংযুক্ত করে নেওয়া সম্ভব হবে।
সিমেন্স জানায়, জিরোক্যাট চালু হলে প্রায় তিন হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমে আসবে। নরওয়ের জন্য এটি হবে খুব তাৎপর্যপূর্ণ। কারণ, দেশটিতে ছোটখাটো অসংখ্য জলাশয় পেরোনোর জন্য মানুষকে ফেরির ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া জিরোক্যাট ব্যবহারের মাধ্যমে দেশটির গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে। নরওয়ের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদার প্রায় সবই আসে জলবিদ্যুৎ প্রকল্প থেকে। তাই ব্যাটারিচালিত ফেরি চালু হলে পরিবেশগত সুবিধা পাবে দেশটি। এনবিসি নিউজ। প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৪-০২-২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন