শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

হার্ট ভালো রাখে বিয়ে

বিজ্ঞানীরা যা বলেন---

হার্ট ভালো রাখে বিয়ে


বিয়ে নিয়ে চিন্তিত ব্যক্তিদের জন্য সুখবর। অবিবাহিতদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। এমন সুখবর জানিয়েছেন ফিনল্যান্ডের গবেষকরা। তারা বলেছেন, এমনকি বিবাহিতদের হার্ট অ্যাটাক হলেও তা সেরে যাওয়ার সম্ভাবনা অবিবাহিতদের চেয়ে বেশি। এএফপি। ফিনল্যান্ডের তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের লেখা প্রতিবেদনটি হৃদরোগবিষয়ক সাময়িকী 'ইউরোপিয়ান

জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজি'তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিয়ে নারী-পুরুষ উভয়েরই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
গবেষকরা ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ৩৫ থেকে ৯৯ বছর বয়সী ১৫ হাজার ৩৩০ ফিনিশ নারী-পুরুষের তথ্য সংগ্রহ করেন, যারা মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। হার্ট অ্যাটাকের ২৮ দিনের মধ্যেই তাদের অর্ধেক সংখ্যক মারা যান। এক্ষেত্রে দেখা যায়, তাদের মধ্যে অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে ৫৮-৬৬ শতাংশ বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ছিলেন।
গবেষকদের দাবি, একাকী বাস কিংবা বিয়ে না করার ফলে যে কোনো বয়সী নারী-পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এবং তাদের আরোগ্য লাভেও দেরি হয়। বিবাহিতদের আয় বেশি থাকে। তাদের স্বাস্থ্যকর অভ্যাস থাকে। এমনকি তাদের সহযোগিতা করার জন্যও অনেক মানুষ থাকে। ফলে অসুস্থ হলে তারা দ্রুত সহায়তা পান।
প্রতিবেদনের প্রধান লেখক তুরকো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষক আইনো লেমিনতাউস্তা বলেন, অবিবাহিতদের বিষণ্ন হওয়ার আশঙ্কা বেশি। আগের অনেক গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাকে মৃত্যুর একটি বড় কারণ বিষণ্নতা। তিনি বলেন, বিভিন্ন বয়সী ও বিভিন্ন বর্ণের মানুষের সামাজিক পটভূমির ওপর গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণাটি পশ্চিমা দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন