মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

রোদে কমে গেঁটেবাত

সমকাল ডেস্ক
রিউমেটিক আর্থ্রাইটিস বা গেঁটেবাতের ঝুঁকি কমাতে পারে রোদ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বসবাসে মিলতে পারে এ বাতের উপকার। যুক্তরাষ্ট্রের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইন ও জিনিউজের। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা দীর্ঘদিন ধরে দুই লাখ নারীকে পর্যবেক্ষণে রাখেন। আনালস অব দ্য রিউমেটিক ডিজিজ জার্নালে এ নিয়ে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়, সূর্যালোক ও গেঁটেবাতের ঝুঁকির সঙ্গে
একটি যোগসূত্র রয়েছে।
তারা ধারণা করছেন, সূর্যালোকে ভিটামিন ডি রয়েছে। এই ভিটামিন গেঁটেবাতের ক্ষেত্রে কার্যকর হতে পারে। তবে সেজন্য সারাদিন রৌদ্রে কাটানো ঠিক হবে না।
সাধারণত নারীরা গেঁটেবাতে আক্রান্ত হয়ে থাকেন। এ ক্ষেত্রে নিজ দেহের ইমিউন সিস্টেম জোড়াগ্রন্থিতে আঘাত হানে। এতে বিভিন্ন গ্রন্থিতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। তবে কী কারণে এ রোগের প্রবণতা নারীদের মধ্যে বেশি তা এখনও অজানা।
গবেষকরা এক লাখ নারীকে ১৯৭৬ সাল থেকে এবং দ্বিতীয় গ্রুপে এক লাখ নারীকে ১৯৮৯ সাল থেকে পর্যবেক্ষণে রাখেন। ১৯৭৬ সালের গ্রুপের বসবাস অপেক্ষাকৃত রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়াপূর্ণ স্থানে। তাদের বাসস্থানের ভিত্তিতে দেখা যায়, অন্য গ্রুপের নারীদের চেয়ে ১৯৭৬ সালের গ্রুপের নারীদের রিউমেটিক আর্থ্রাইটিসের ঝুঁকি ২১ শতাংশ কম।
নিবন্ধে লেখক বলেন, গবেষণায় আরও নিশ্চিত হওয়া গেছে, রৌদ্রের কারণে রোগটির ঝুঁকি অনেকাংশে কমেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন